
সিলেটের নয়াসড়কসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী, শপিংমল ও মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রশাসনের পরিচয় ব্যবহার করে গ্রাহকদের কাছে মোবাইল ব্যাংকিংয়ের গোপন তথ্য (ওটিপি, পিন কোড ও পাসওয়ার্ড) চেয়ে অর্থ আত্মসাতের চেষ্টা করছে এসব চক্র।
এ বিষয়ে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশন, সিলেট।
রোববার (৩ আগস্ট) নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু প্রতারক মোবাইল ফোনের মাধ্যমে নয়া সড়কসহ বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমলের বিকাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং ব্যবহারকারী গ্রাহকদের কাছে প্রশাসনের পরিচয় দিয়ে ওটিপি, পিন কোড ও পাসওয়ার্ড জানতে চাইছে। এসব তথ্য সংগ্রহ করে গ্রাহকদের অর্থ আত্মসাতের অপচেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয়ে ফোন করে ওটিপি, পিন কোড কিংবা পাসওয়ার্ড চাইলে তা কোনোভাবেই শেয়ার না করার জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে বিজনেস এসোসিয়েশন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল কিংবা মোবাইল ব্যাংকিং কর্তৃপক্ষ কখনোই গ্রাহকের কাছে ফোন করে ওটিপি, পিন কোড বা পাসওয়ার্ড জানতে চায় না। তাই এ ধরনের ফোনকল সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো কার্যক্রম দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply