দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, বিদেশি কোম্পানিকে দেওয়া সমুদ্রবন্দরের ইজারা বাতিল, রাষ্ট্রায়ত্ত ৪৪টি কলকারখানা ব্যক্তিমালিকানায় হস্তান্তর বন্ধ এবং সীমান্তে হত্যা ও পুশব্যাক বন্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ জুলাই (বুধবার) দুপুরে সিলেট সিটি কর্পোরেশন ভবনের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), সিলেট জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি সিলেট জেলার সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সিপিবি নেতা দেবব্রত পাল মিন্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ, উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক রতন দেবসহ অন্যান্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, মার্কিন বাণিজ্য চুক্তির মাধ্যমে দেশের জনগণের স্বার্থ আমেরিকার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এদেশের মানুষকে এই চুক্তির মাধ্যমে নতুন এক গোলামির শৃঙ্খলে আবদ্ধ করা হচ্ছে। এর ফলে দেশের ঔষধশিল্প, পোল্ট্রি ইন্ডাস্ট্রি এবং মৎস্য খাত আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
সমাবেশে সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমন বলেন, মার্কিন বাণিজ্য চুক্তি এদেশের মানুষের সার্বভৌমত্বের ওপর এক চরম আঘাত। মার্কিন তাবেদাররা দেশকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হিসেবে বিবেচনা করতে শুরু করেছে। বক্তারা এ সময় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং সিলেটে রাষ্ট্রীয় নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।
সমাপনী বক্তব্যে সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশকে যারা ভিনদেশি লুটেরা শ্রেণির হাতে তুলে দিচ্ছে, দেশের জনগণই তাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। গণমানুষের অধিকার ক্ষুণ্ণ করে কোনো দেশবিরোধী চুক্তি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যদি তা করার চেষ্টা করা হয়, তবে শাসন ক্ষমতার সাথে জড়িতদের এদেশের মানুষ 'মার্কিন দালাল' হিসেবে চিহ্নিত করবে।
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
উপদেষ্টা : আব্দুর রশিদ (কমিউনিটি নেতা ফ্রান্স প্রবাসী)।
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : ১৭ নং সিটি বাণিজ্যিক ভবন, বন্দর বাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত